নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত কর্মশালায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শকে ধারণ করে আগামী দিনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
একই সঙ্গে দেশের সার্বিক স্বার্থে রাজপথে থেকে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। নাগেশ্বরী গণসংহতি আন্দোলনের কার্যালয়ে দিনব্যাপী এ আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সংগঠনের রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক রূপরেখা, ভবিষ্যৎ কর্মপন্থা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় অতিথি ও নির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম রেজা।
এ ছাড়া কুড়িগ্রাম জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দুলাল মিয়া এবং জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এতে অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, সাধারণ মানুষ ও শ্রমজীবী মেহনতি জনতার অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করতে গণসংহতি আন্দোলন সব সময় কাজ করে যাচ্ছে। মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শ লালন করে সামনের দিনগুলোতেও সব রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনস্বার্থ রক্ষায় সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, অতীতে দেশের গণতান্ত্রিক ও জনগণের অধিকার আদায়ের যুগপৎ আন্দোলনে গণসংহতি আন্দোলনের যে বলিষ্ঠ ভূমিকা ছিল, ভবিষ্যতেও সেই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা হবে।