শরীফ কামরুজ্জামান বাবুলঃ

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর ও বনচাকীর মধ্যবর্তী স্থানে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক ৩টার দিকে সড়কের ওপর গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একদল দুর্বৃত্ত। পরে ওই সড়কে চলাচলকারী একটি গাড়ির চালকের ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর পড়ে থাকা গাছপালা অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাইখীর ও বনচাকীর মধ্যবর্তী এই সড়কে মাঝেমধ্যেই একই ধরনের ডাকাতির ঘটনা ঘটে। বিশেষ করে গভীর রাতে এ সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসীর দাবি, সড়কটিতে রাতের বেলায় পুলিশের টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি এবং ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে বোয়ালমারী উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

জননিরাপত্তার স্বার্থে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে দ্রুত কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।