তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের ফসলের মাঠে ধানখেতের আইল থেকে শনিবার (৭ নভেম্বর) সকালে এক অজ্ঞাতনামা ব্যক্তির ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা নামক স্থানের একটি ডিপের পাশে ধানখেতের আইলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তাঁর মৃত্যু হতে পারে। শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।