চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরবাজার সড়ক প্রদক্ষিণ করে চরভদ্রাসন হাটবাজার বণিক সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে আরেকটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান শিকদার, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এজিএম বাদল আমিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী তানজিনা আক্তার ও চরভদ্রাসন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আল আমিন প্রমুখ।