জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুস সবুরের সমর্থনে ১ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে মরহুম আশরাফ আলী মেম্বারের চাতালে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপি জয়পুরহাটের সাবেক কোষাধ্যক্ষ মো. আব্দুস সবুর। আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, জনগণের সেবা ও এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য, স্থানীয় জনগণের সহযোগিতা ও দোয়া পেলে জিন্দাপুর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়নে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শেখ সাবু। সঞ্চালনা করেন তোফাজ্জল হোসেন।

বৈঠকে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে একজন জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। তাঁরা এসব প্রত্যাশা বাস্তবায়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুস সবুরের প্রতি সমর্থন জানান এবং তাঁর পক্ষে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।