বিশেষ প্রতিনিধিঃ
নিরাপদ ও বৈধ অভিবাসনে উৎসাহিত করা এবং অবৈধ বা অনিয়মিত পথে বিদেশ গমনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ফরিদপুরে ‘সিনেমাআরেনা’ (CinemArena) কর্মসূচির সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুষ্মিতা সাহা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধি অমল বিশ্বাস, যশোর রাইটের ডিরেক্টর প্রোগ্রাম প্রদীপ কুমার দত্ত, প্রোগ্রাম কো-অর্ডিনেটর হারুন অর রশিদ, প্রগ্রাম অফিসার মোতাহারুল ইসলাম, ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এসএম মইনুল ইসলাম এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার ষষ্ঠী পদ রায়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অনিয়মিত অভিবাসনের কারণে মানুষ প্রতারণা, আর্থিক ক্ষতি, মানবপাচারসহ নানা ঝুঁকির মুখে পড়ছে। তাই বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই এবং সরকারি নিয়ম মেনে নিরাপদ ও বৈধ পথে অভিবাসনের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি দেশের অভ্যন্তরে বিদ্যমান কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নের সুযোগ সম্পর্কেও মানুষকে অবহিত করতে হবে।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির মূল লক্ষ্য অনিয়মিত অভিবাসনের নেতিবাচক দিক তুলে ধরা এবং দেশের অভ্যন্তরে কর্মসংস্থান ও উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া। কর্মসূচির আওতায় ভ্রাম্যমাণ প্রদর্শনীর মাধ্যমে চলচ্চিত্র, তথ্যচিত্র ও সচেতনতামূলক বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে।
বিশেষ করে তরুণ ও বিদেশগমনেচ্ছু ব্যক্তিদের অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি, দালালের প্রতারণা এবং নিরাপদ অভিবাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বিদেশ গমনেচ্ছু মানুষ সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।
এ সময় বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।