ফরিদপুর প্রতিনিধি
বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে বুধবার (৪ নভেম্বর) রাতে নৈশ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ১৫ জন মালিককে সতর্ক করা হয়েছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে মোট ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবাসিক মিটার ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুতের অপচয় রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।