ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ বাজারে হাটখোলাপাড়া গোরস্থানের জমি অবৈধভাবে দখলের অভিযোগে শওকত আলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। গোরস্থানের জমি দখলকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন হাটখোলাপাড়া গোরস্থান কমিটির সভাপতি আব্দুল লতিফ (লিটন), সাধারণ সম্পাদক সোনা মহলদার, কমিটির সদস্য ও হাটখোলাপাড়া হাফিজিয়া নূরানি মাদ্রাসার সভাপতি আব্দুল জব্বার, সহসভাপতি আশরাফ দফাদার, উপদেষ্টা জাহিদ হোসেন, হাটখোলাপাড়া জামে মসজিদের সভাপতি আশরাফুল আলম, উপদেষ্টা সিদ্দিক মহলদার, শামসুন্নাহার বিথী ও শিউলী খাতুনসহ অন্যরা।
বিক্ষোভকারীরা ‘বিচার চাই, অবৈধ দখলদার শওকত বাহিনীর বিচার চাই’ লেখা ব্যানার নিয়ে সড়কে অবস্থান করেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, শওকত আলী ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে গোরস্থানের জমিসহ এলাকার বিভিন্ন জমি অবৈধভাবে দখল করে আসছেন।
বক্তারা বলেন, গোরস্থানের মতো একটি পবিত্র স্থানের জমি দখল করে সেখানে মার্কেট নির্মাণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এ সময় এলাকাবাসী গোরস্থানের জমি দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অবৈধ দখল প্রমাণিত হলে জমি দখলমুক্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।