রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে আখের জমি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর নাটোর ক্যাম্প (সিপিসি-২) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে অভিযান চালায়। এ সময় একটি আখের জমিতে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি বস্তা তল্লাশি করে পিস্তল ও ম্যাগাজিনটি পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে লালপুর থানায় হস্তান্তর করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।