নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSDF)-এর সঙ্গে চীনা প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর লে মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত এ সভায় নেতৃত্ব দেন BPSSDF-এর সভাপতি ও সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
চীনা প্রতিনিধিদলে ছিলেন মালিশা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ করবান আলী, হাইনান ইউনাইটেড গ্রুপের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক কার্যক্রম পরিচালক মি. ইউয়ে শুয়ে শান এবং মালিশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মারুফ মোল্লা।
সভায় উভয় পক্ষ দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি খাতে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। বিশেষ করে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশের বেসরকারি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চীনা শিল্পপ্রতিষ্ঠানের অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা, শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি যৌথ উদ্যোগের মাধ্যমে কারিগরি দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার এবং বাংলাদেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
BPSSDF-এর প্রতিনিধিদলে আরও ছিলেন সহসভাপতি এস আই মজুমদার ও মোছা. মমতাজ বেগম, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন এবং টিভিইটি বিশেষজ্ঞ ও পরামর্শক মো. মুছলেহ উদ্দিন দীপু।
সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ ও চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং ভবিষ্যতে বাস্তবভিত্তিক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
সভায় BPSSDF আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণ, দক্ষতা উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং বৈশ্বিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে দেশে মানসম্মত দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ উৎসাহিত করা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।