ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (৩ নভেম্বর) সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ফরিদপুর, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বাখুণ্ডার মিনিবাস ফিলিং স্টেশনে ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ না পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। লালখাঁর মোড়ের রিজিক ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানের প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের সিএম লাইসেন্স বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া কাফুরা মুন্সীবাজার এলাকার আল বারাকাহ এন্ড কোং প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ফরিদপুর-বরিশাল মহাসড়কের কাফুরা এলাকার ইউনাইটেড ফিলিং স্টেশনের সব ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। এ সময় বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট্রোলজি) মো. খালিদ হাসান ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।