মামুন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম-কাশিপুর এলাকা সংলগ্ন মধুমতি নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, এদিন সকালে কাশিপুর-শিরগ্রাম এলাকার মধুমতী নদীতে একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহটি নদীর তীরে আটকে গেলে তারা পুলিশকে খবর দেয়। মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ জানান, নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সেটি মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহটির গলায় তুলসীমালা থাকায় ওই নারী হিন্দু সম্প্রদায়ের হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওই নারীর পরিচয় এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।