ইসমাইল হোসেন বাবু, জ্যেষ্ঠ স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (০২ নভেম্বর) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানিয়েছে, জমি দখলকে কেন্দ্র করে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল নাসিমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে নাসিমা খাতুন ও তাঁর ছেলের বউয়ের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে নাসিমা আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিঠু ও রিপন নামের দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।