লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে মোছা. আফিয়া খাতুন ও মোছা. শিউলি আক্তার নামের দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেরিলাবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আফিয়া খাতুন একই গ্রামের আনারুল ইসলামের একমাত্র মেয়ে ও শিউলি আক্তার তার ছোট ভাই সিরাজুল ইসলামের ছোট মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই আনারুলের শ্যালিকা বাড়িতে বেড়াতে আসায় মেহমান নিয়ে সবাই ব্যস্ত ছিলেন। সকাল সাড়ে ১০টার পরে বাড়িতে দুই শিশুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে দুই শিশুর মা বাড়ির পাশের পুকুরের পাড়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। এ সময় দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, পুকুরটিতে আমি মাছ চাষ করি। পুকুর ঘেঁষে ভুক্তভোগীদের রান্নাঘর রয়েছে। বাড়িতে মেহমান ছিল। খেলাধুলার কোনো একপর্যায়ে হয়তো তারা পুকুরে পড়ে তলিয়ে থাকতে পারেন।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুই শিশুর এমন করুণ মৃত্যুতে বেরিলাবাড়ি গ্রামে এখন শোকের আবহ তৈরি হয়েছে। যে বাড়িতে মেহমানের আগমনে ছিল ব্যস্ততা, সেই বাড়িতেই এখন স্বজনদের আহাজারি।