ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সরকারি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী সানজিদা সুলতানা। একজন কাঠমিস্ত্রির সন্তান হয়েও তাঁর এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সানজিদা সুলতানা ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা হেলাল হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি। সীমিত সামর্থ্যের মধ্যেও পড়াশোনায় মনোযোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
এর আগে চলতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন সানজিদা। এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে তিনি আবারও নিজের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন।
তাঁর এই সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা গর্বিত। পাশাপাশি এলাকাবাসীও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, আর্থিক সীমাবদ্ধতা কখনোই মেধা ও ইচ্ছাশক্তির পথে বাধা হতে পারে না—সানজিদার অর্জন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
সানজিদার এই সাফল্য ভোলাহাটের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেছেন পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।