সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের দরবার হলে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন (ভারপ্রাপ্ত), সমাজসেবা কর্মকর্তা শামীম আহমেদ, নির্বাচন কর্মকর্তা মন্জুর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ পারভেজসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও উদ্যোমী যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক ও যুব নারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সফল যুবক-যুবতীরা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কীভাবে কর্মদক্ষতা অর্জন করে স্বাবলম্বী হয়েছেন, সে বিষয়ে বক্তব্য দেন।

বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।