মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর পাংশা উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানির প্রতিবাদে, তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হয়।

পুঁইজোর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সাঈদ আহমেদের সভাপতিত্বে এবং পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. কুতুব উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. খোন্দকার মুহাম্মদ মাহবুবুর রহমান, জয়কৃষ্ণপুর মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইয়াসির আরাফাত, মুছিদাহ বনগ্রাম সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল কাদের ও পাংশা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানাসহ অন্যরা।

বক্তারা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। কর্মসূচিতে পাংশা উপজেলার ২৩টি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।