হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক স্বপন মির্জার ফেসবুক আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সংবাদকর্মী ও সুধীমহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক স্বপন মির্জা জানান, তার হ্যাক হওয়া ফেসবুক আইডিটিতে প্রায় ১১ হাজার ফলোয়ার ছিল। আইডিটিতে তিনি দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন সত্য ঘটনা, অনিয়ম এবং বিশৃঙ্খলার চিত্র তুলে ধরে আসতেন। তার এই পেশাগত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে একটি কুচক্রী মহল তার ওপর হিংসাত্মক মনোভাব পোষণ করে এবং পরিকল্পিতভাবে তার আইডিটি হ্যাক করে নেয়।

তিনি আরও অভিযোগ করেন, ইদানিং এলাকায় সাইবার অপরাধী ও হ্যাকারদের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। একশ্রেণির বখাটে যুবক লেখাপড়ায় অমনোযোগী হয়ে শর্টকাট উপায়ে অর্থ উপার্জনের জন্য হ্যাকিংয়ের অন্ধকার জগতে জড়িয়ে পড়ছে। তারা এলাকায় নিজেদের ফ্রিল্যান্সার বা অনলাইনে কাজ করা ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে মূলত সাধারণ মানুষের বিকাশ আইডি, ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল হ্যাক করছে। পরবর্তীতে হ্যাকাররা আইডি উদ্ধারের কথা বলে বা মুক্তিপণ দাবি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।

বর্তমানে হ্যাকিংয়ের সাথে জড়িত ওই চক্রের সদস্যদের এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাংবাদিক স্বপন মির্জার আইডি উদ্ধার এবং এর সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন মাধবপুর উপজেলার সাংবাদিক সমাজ ও এলাকাবাসী।