ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও স্বর্ণের আংটিসহ ১ জনকে আটক করেছে ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় সীমান্তের খাসমহল নামক স্থানে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মো. রুবেল হোসেন (২৫) নামে এক যুবককে ভারতীয় ১ বোতল মদ, ১০ পিস ইয়াবা, ১টি স্বর্ণের আংটি ও মোবাইল ফোনসহ আটক করা হয়।

আটক যুবক মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা, স্বর্ণের আংটিসহ বিভিন্ন মালামাল উদ্ধার এবং একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে আটক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে গাংনী থানায় সোপর্দ করা হয়।

বিজিবির অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭৮ হাজার ৪২০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।