প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত এলিন বড়ুয়া ওই গ্রামের বিষুময় বড়ুয়ার পুত্র। তিনি পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলিন শুক্রবার সকালে গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া পিডিবি অফিসের নির্বাহী প্রকৌশলী বলেন, যেসব স্থানে বিদ্যুতের লাইনের ওপরে গাছের ডাল রয়েছে, সেসব গাছের ডাল কাটার সময় বিদ্যুৎ লাইন বন্ধ রাখার জন্য পিডিবি অফিসকে অবহিত করতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি। তিনি ভবিষ্যতে সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।