বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
“Be a hand washing Hero – হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাঘার যৌথ আয়োজনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুল মমিন, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্টসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া শুধু অভ্যাস নয়, এটি রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। বিশেষ করে ডায়রিয়া, কলেরাসহ পানিবাহিত রোগ প্রতিরোধে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার বিকল্প নেই। শিশুদের মধ্যে এ সচেতনতা ছড়িয়ে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। পরে শিক্ষার্থীদের মাঝে সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শনী করা হয়।