রংপুর প্রতিনিধি

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সাধারণ জ্ঞানে সমৃদ্ধ করা এবং পড়াশোনায় আরও বেশি মনোযোগী করে তুলতে রংপুরের গঙ্গাচড়ায় সামাজিক সংগঠন ‘মানবতার দিশারী যুব ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী মেধা যাচাই ও সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই পরীক্ষা গ্রহণ করা হয়।

পরীক্ষা অনুষ্ঠিত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—পাকুড়িয়া শরীফ কছিমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, পাকুড়িয়া শরীফ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, হোলি কেয়ার একাডেমি এবং বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জীবন আহমেদ বলেন, "আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর হলে চলবে না, বরং সাধারণ জ্ঞান ও মেধার বিকাশ ঘটিয়ে নিজেদের যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অবক্ষয় থেকে দূরে রেখে আলোর পথে ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কাজের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে।"

সংগঠনের সভাপতি হাফেজ হারুন অর রশিদ বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা বিশ্বাস করি, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও দশের নেতৃত্ব দেবে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং মেধার সঠিক মূল্যায়নের জন্য মানবতার দিশারী যুব ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের এই কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।"

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী জানান, "সাধারণ জ্ঞান ও মেধা যাচাইমূলক এমন সুন্দর আয়োজনে অংশ নিতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। এ ধরনের পরীক্ষা আমাদের পড়াশোনার স্পৃহা আরও বাড়িয়ে দেয় এবং নিজেদের যোগ্যতা যাচাই করার সুযোগ করে দেয়। আমরা সংগঠনের ভাইয়াদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।"

পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। খাতা মূল্যায়ন শেষে খুব শীঘ্রই কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়।