ফরিদপুর জেলা প্রতিনিধি
ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে ফরিদপুরে আলোচনা সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শহরের বৃন্দাবনের মোড় পাড়া শাখায় ‘ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের বৃন্দাবনের মোড় পাড়া শাখার আহ্বায়ক লক্ষ্মী রানী বিশ্বাসের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডিউবী শিকদার। এতে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক হোসনেআরা খানম ও সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেসমিন কবীর।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সভায় জেলা শাখার নেতৃবৃন্দের পাশাপাশি বৃন্দাবনের মোড় পাড়া শাখার তৃণমূল নেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।