তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরে অবৈধভাবে সার সংগ্রহ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার কামারপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আবু সাঈদ। তিনি কামারপাড়া বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী। জানা গেছে, তিনি সব ধরনের বালাইনাশকের খুচরা বিক্রেতা হলেও অবৈধভাবে সার সংগ্রহ করে বিক্রি করছিলেন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ দিন অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।

অন্যদিকে স্থানীয়রা বলছে, এটা গুরু পাপে লঘু দণ্ড। কারণ দীর্ঘদিন যাবৎ সে এই অবৈধ কারবার করে আসছে। তাঁর লাইসেন্স বাতিলসহ তাঁর জেল-জরিমানা দেওয়া হলে অন্যরা নিরুৎসাহিত হতো। কারণ এক ট্রাক (২০০ বস্তা) সার কালোবাজারে বিক্রি করতে পারলে কমপক্ষে ৬০ হাজার টাকা লাভ, ফলে ৬০ হাজার টাকা মুনাফা করে ১৫ হাজার টাকা জরিমানা দেওয়া তার অপরাধের কাছে অতি নগণ্য শাস্তি। যে কারণে কামারপাড়া বাজারে অবৈধ সার বাণিজ্য বন্ধ হচ্ছে না।

এদিকে কামারপাড়া বাজারের বিএডিসির সার ডিলার রূপালী বাংলা এন্টারপ্রাইজ এবং মেসার্স ফ্রেন্ড ট্রেডার্স কৃষককে টিএসপি সার দিচ্ছে না এবং ৬০ টাকা মূল্যের জিপসার বাধ্যতামূলক ১০০ টাকা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।