ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও খোলা হলো কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি মাজারের দুটি দানবাক্স। দানবাক্স দুটি খুলে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে প্রশাসনের কর্মকর্তা ও লালন অ্যাকাডেমির সদস্যদের উপস্থিতিতে মাজারের ভেতরে ও বারান্দায় থাকা দুটি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্সে জমা হওয়া টাকা গণনা করে এসব টাকা পাওয়া যায়।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম জানান, ১৫ দিনের ব্যবধানে আবারও লালন মাজারের দানবাক্স খোলা হয়েছে। গণনা শেষে সেখানে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। টাকাগুলো প্রশাসনের পক্ষ থেকে বুঝে নেওয়া হয়েছে। পরে এসব অর্থ লালন অ্যাকাডেমির তহবিলে জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, এর আগে গত ১০ অক্টোবর বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের আগে মাজারের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন দুটি দানবাক্স থেকে পাওয়া যায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, লালন অ্যাকাডেমির সদস্য এবং সাধু-বাউলরা উপস্থিত ছিলেন।