ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম মজনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাস পোড়ানো, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মজনু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সর্বশেষ একটি যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় তাকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।