মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি

মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৬ অক্টোবর সকালে ১১ ঘটিকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা জেলা শাখার উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়।

বক্তারা আরও বলেন, শাকের হোসেন হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, কী কারণে এবং কার নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা জরুরি।