বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
‘আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান হাবিব মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. সৈয়দ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণঅধিকার পরিষদ এমন একটি রাজনৈতিক দল, যা সর্বদা সাধারণ মানুষের অধিকার রক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। দলের প্রধান ও মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুরের নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের রাজনীতি করতে হবে।”
সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব মাস্টার বলেন, “পেশায় একজন শিক্ষক হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে আমি রাজনীতিতে যুক্ত হয়েছি। অতীতে দেশের সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছে অনেকটা বন্দি অবস্থায় ছিল। তারা নিজেদের মনের কথা স্বাধীনভাবে প্রকাশ করতে পারত না। জনগণের সেই বন্দিদশা থেকে মুক্তি এবং তাদের কথা শোনার লক্ষ্যেই আমার এই রাজনৈতিক পথচলা। আজকের এই দিনে দলের প্রধান ও মাননীয় প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুরের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।”
উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য লামিয়া বেগম ও আফরোজা ইয়াসমিন প্রমুখ।