ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা জাকারিয়া ইসলাম (২৩) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় সিএনজিতে থাকা জাকারিয়ার স্ত্রী রুকাইয়াসহ আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৫ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের ৪ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ইসলাম দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশযোগে খলিশাকুন্ডি যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি রাস্তায় উল্টে যায়। এ সময় স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া আড়াই শ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
এতে আরও ২ নারী ও এক পুরুষ যাত্রী আহত আছেন। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কুষ্টিয়া মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কুষ্টিয়ার মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংঘর্ষের পর কাভার্ডভ্যান আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।