ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন বাখুন্ডা গ্রামের রিকশাচালক আল আমিন। রিকশায় এক জ্যেষ্ঠ চিকিৎসকের ফেলে যাওয়া মানিব্যাগ কুড়িয়ে পেয়ে সেটি ফেরত দিয়েছেন তিনি।
জানা যায়, ফরিদপুর মেডিকেল কলেজের একজন জ্যেষ্ঠ চিকিৎসক ভুলবশত তাঁর মানিব্যাগটি রিকশায় ফেলে যান। মানিব্যাগে নগদ টাকা, ক্রেডিট কার্ডসহ গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। পরে রিকশার সিটে মানিব্যাগটি দেখতে পেয়ে আল আমিন সেটি নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে ফিরে যান এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আসিফ উল আলমের কাছে জমা দেন।
রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা আল আমিনের এই সততা ও দায়িত্ববোধ প্রশংসিত হওয়ার মতো। তাঁর এ কাজ প্রমাণ করে, সততা মানুষের পেশা কিংবা আর্থিক অবস্থার ওপর নির্ভর করে না; বরং মানুষের প্রকৃত পরিচয় তার নৈতিকতা ও কর্মকাণ্ডে প্রকাশ পায়।