মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা ও ৬ বছরের মেয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা নামক স্থানে গোপালগঞ্জগামী মাছের পিকআপ (খুলনা মেট্রো-১১-২৫৬৫) মুকসুদপুরগামী অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর মেয়ে সামিরা আক্তার (৬)।
মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী একটি মাছের পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।