ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাতের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মাদকদ্রব্য কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. আমিরুল আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ১ হাজার টাকা, একজনকে ১০ হাজার টাকা এবং অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া একজনকে তিন মাস এবং অন্য দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।