রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৩ নম্বর বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট এলাকায় আজ ভোরে (রোববার) অটোরিকশা চুরি করতে গিয়ে এলাকাবاسীর তীব্র গণপিটুনিতে দুই চোর নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোরে গঙ্গাচড়া উপজেলার পুকুরখুড়ি দোলা ও পানাপুকুর সংলগ্ন এলাকায় একটি অটোরিকশা চুরির উদ্দেশ্যে ওই দুই চোর হানা দেয়। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা বিষয়টি টের পান এবং মুহূর্তের মধ্যে আশপাশের মানুষ একত্রিত হয়ে চোর দুজনকে ঘেরাও করেন। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে ফেলে গণপিটুনি দেন। গণপিটুনির মাত্রা তীব্র হওয়ায় ঘটনাস্থলেই ওই দুই চোরের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। তিনি গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের চড় মিনা বাজার এলাকার বাসিন্দা এবং এলাকার চিহ্নিত ও কুখ্যাত চোর হিসেবে পরিচিত রেজাউল কানা। তবে অপর নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাঁর বাড়ি কোলকোন্দ এলাকায়।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গঙ্গাচড়া থানা পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণ পরেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি – CID টিম) ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ, আশপাশের পরিবেশ এবং বিভিন্ন আলামত অত্যন্ত সতর্কতার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা ও আলামত সংগ্রহ করে।