মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার বাদী। শনিবার (২৪ অক্টোবর) দায়ের করা জিডির নম্বর ১১২০। এ ঘটনায় বাদী নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন বাদী। তাঁর অভিযোগ, ওই মামলার এক আসামির আত্মীয় পরিচয় দিয়ে এক ব্যক্তি শনিবার দুপুর ১টার দিকে তাঁর বাড়িতে যান।
এ সময় রুহীন আহমেদ নাম পরিচয়ে, মাগুরা জেলার শ্রীপুর উপজেলা বলেন ওই ব্যক্তি এবং নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন বলে অভিযোগ করেন বাদী। মামলা তুলে না নিলে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো এবং জীবননাশের হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন বাদী।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের পরিচয় ব্যবহার করে কেউ হুমকি দিয়ে থাকলে তা গুরুতর অপরাধ।
পুলিশ সূত্রে জানা গেছে, কেউ নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিলে তাঁর পরিচয়পত্র ও বিপি নম্বর যাচাই করা জরুরি। পুলিশের পরিচয় ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন বা মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, ধর্ষণ মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং বাদীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।