মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি
মাগুরায় পৌর যুবদল নেতা শাকেরকে গুলি করে হত্যার বিচার দাবিতে মাগুরা-ঢাকা মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। এর আগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ফেরার পথে বিক্ষুব্ধ সাধারণ জনতা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ অবরোধ করেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে মাগুরা-ঢাকা রোড ও পারনান্দুয়ালি এলাকায় মহাসড়ক অবরোধের এই ঘটনা ঘটে।
সূত্র জানায়, গত বুধবার (২১ অক্টোবর) ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
বিক্ষুব্ধ জনতা প্রশাসনের উদ্দেশে স্লোগানে স্লোগানে বলেন, এই হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পরবর্তী দিনগুলোতে এর চেয়ে বৃহৎ আন্দোলন ও কর্মসূচির ডাক দেওয়া হবে।
এর আগে মানববন্ধনে বলা হয়, পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে একদল সন্ত্রাসী গুলি করে হত্যা করেছে। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এ হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়। বিগত দিনে মাগুরা শহরে অস্ত্রের ঝনঝনানিতে মাগুরা কেঁপেছে, অথচ এখনো পর্যন্ত একটি অস্ত্রও উদ্ধার করতে পারেনি পুলিশ প্রশাসন। একইভাবে যেসকল অস্ত্রে মাগুরার বিএনপির নেতাকর্মীরা খুন হচ্ছে, সে অস্ত্রগুলো উদ্ধার করা হোক।
মাগুরা জেলা পুলিশের এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, এ রকম একটি ঘটনা ঘটেছে, এটি মাগুরার ইতিহাসে প্রথম। এটি হত্যা, মাগুরা জেলা পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এই হত্যাকাণ্ডের পেছনের ঘটনা বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনার আশপাশের যত ক্যামেরা আছে, তা যাচাই-বাছাই করে তথ্য বের করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুতই পুলিশ উদঘাটন করতে সক্ষম হবে। এমন আশ্বাসের পর বিক্ষুব্ধ জনতা অবরোধস্থল থেকে ফিরে যান।