ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও অপচয় রোধে রাতের অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে ব্যবহৃত দুটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এ ছাড়া আবাসিক মিটারে অটো চার্জিংয়ের প্রমাণ পাওয়ায় এক গ্রাহকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে নয়টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবাসিক মিটারে বাণিজ্যিক কার্যক্রম, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার এবং বিভিন্ন চার্জিং স্টেশনের মিটার পরীক্ষা করা হয়। এ সময় রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৬টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।