মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর কলেজ মাঠে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কলিমহর ইউপির চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আব্দুস সালামের বিশাল নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক কর্মী-সমর্থক স্বতঃস্ফূর্তভাবে কর্মী সমাবেশে যোগদান করেন। ফলে কর্মী সমাবেশ জনসমাবেশে পরিণত হয়।
মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মোঃ মকবুল হোসেনের উপস্থাপনায় কর্মী সমাবেশে কলিমহর ইউপির চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মোহাম্মদ আব্দুস সালাম বক্তব্য রাখেন।
তিনি বলেন, রাজনীতি আমাদের পরিবারের সম্মান এনে দিয়েছে। আপনাদের সমর্থনের ফলেই আমার পিতা মরহুম চাঁদ আলী প্রামানিক কলিমহর ইউনিয়নে ৫ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আমার ভাই মরহুম এ্যাডভোকেট আক্কাস আলী ৩ বারে ১৮ বছর কলিমহর ইউপির নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার মরহুম পিতা ও ভাইয়ের মতো এলাকার সম্মাননীয় মানুষদের প্রতি জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান দিতে পারি এবং আমার হাত দিয়ে কলিমহর ইউনিয়নবাসীর যেন কোনো ক্ষতি না হয়। আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ।
চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম আরও বলেন, আমি বিগত সরকারের সময়ে ১৭টি মামলা খেয়েছি, ৭ বার কারাবরণ করেছি। নানা নির্যাতনের শিকার হয়েছি। তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আমার প্রতিপক্ষকে বলব, আপনারা যা- আমার পরিবার তা নয়। আপনাদের ভালোবাসার কারণেই এতো মানুষ এই সমাবেশে এসেছেন। এটি আমার পরিবারের প্রতি ভালোবাসা।
কলিমহর ইউনিয়ন যুবদলের আহবায়ক ইমরান হোসেন, মোয়াজ্জেম হোসেন, ওয়াহাব মল্লিক, লিয়াকত হোসেন, আবু বক্কার সিদ্দিক, কামাল শেখ, ওবায়দুর রহমান, বজলুর রশিদ বাদশা, তালেব সরদার, সাদেক আলী, কামাল হোসেন, আবুল হোসেন, সুরুজ মন্ডল, টিপু মন্ডল, আব্দুল গণি ও সালাম মন্ডল প্রমূখ নেতৃবৃন্দ কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালামের প্রতি সমর্থন ব্যক্ত করেন। উপস্থিত জনতা হাত উঁচু করে আব্দুস সালামের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
এর আগে কলিমহর ইউপির বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক ভ্যান ও মোটর সাইকেল নিয়ে কর্মী-সমর্থকরা গোপালপুর কলেজিয়েট স্কুল মাঠে সমবেত হন। সেখান থেকে ভ্যান ও মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম কলিমহর কলেজ মাঠে কর্মী সমাবেশে যোগদান করেন। কলিমহর কলেজ মাঠে কর্মী সমাবেশে তিনি উপস্থিত কর্মী সমর্থকদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন।
বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।