মুকসুদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুয়ারীডাঙ্গা গ্রামে একই গ্রামের পাঁচটি বাড়ির দরজা, গেট ও জানালার গ্রিল ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, কাপড়সহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি চোরচক্র গ্রামের ইমরান শেখ, ইব্রাহিম শেখ, লালন ফকির, মিরাজ ফকির ও জাফর মুন্সির বাড়িতে হানা দেয়। এ সময় চোরেরা ঘরের দরজা, গেট ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল নিয়ে যায়।

ভুক্তভোগী ইমরান শেখ জানান, জমি ক্রয়ের জন্য ঘরে রাখা ২ লাখ ৯০ হাজার টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ছাড়া, তাঁর ছোট ভাই ইব্রাহিম শেখের ঘর থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়েছে বলে তিনি জানান।

ইব্রাহিম শেখ বলেন, তাঁদের দুই ভাইয়ের ঘরের দরজা, গেট ও জানালা ভেঙে নগদ টাকা, কাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ছাড়া একই গ্রামের লালন ফকির, মিরাজ ফকির ও জাফর মুন্সির বাড়িতেও একই কায়দায় চুরি হয়েছে। এসব বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।