মোঃ রাশেদ শরীফ, মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা শহরের বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেস কাউন্টারের ভেতরে সাকের হোসেন (যুবদল নেতা) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত সাকের মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পারনান্দুয়ালি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোরে কাউন্টারে যান সাকের। সকাল সাড়ে ৫টার দিকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে আসে। তাদের একজন কাউন্টারের ভেতরে ঢুকে সাকেরকে গুলি করে। এ সময় মোটরসাইকেলটি চালু থাকায় এর বিকট শব্দে গুলির শব্দ আশপাশের লোকজনের কানে যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার পর ওই দুই ব্যক্তি পালিয়ে যায়।

পরে কাউন্টারে সাকেরকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে স্বাভাবিক মৃত্যু মনে করা হলেও বাড়িতে মরদেহ গোসলের প্রস্তুতির সময় মাথার পেছনে ক্ষত ও রক্ত দেখা যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, প্রথমে স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল। পরে মাথায় ক্ষত দেখতে পেয়ে মরদেহ মর্গে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল তদন্ত করছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এতে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।