তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের সমাজব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভালো মানুষের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ কমে আসছে। যারা গুলি করে মানুষ হত্যা করেছে, তাদের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া লজ্জার বিষয় ছিল। সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হচ্ছে, আর সবচেয়ে বড় দুর্নীতিবাজরা সমাজের নেতা হয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন বলেন, যারা খুন, গুম, অন্যায় ও অত্যাচারের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল, তাদের ১৫ বছরের অত্যাচার-নির্যাতন ও দুঃশাসন থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। ইথিওপিয়ার মানুষের সততার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “আমরা কোথায় চলে গেছি!”

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ সেয়ানা দল, শেখ পরিবার থেকে একজনও গ্রেপ্তার হয়নি।”

অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাং, হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু ও উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে ৫৩ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তজুমদ্দিনের কেন্দ্রীয় শ্রীশ্রী কালীমন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর জন্য শুভেচ্ছা উপহার বিতরণ করেন।