মোঃ রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অভিযানে ৯০ বোতল মালিকবিহীন ফেনসিডিল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর ২০২৬ তারিখ মধ্যরাত পৌনে ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রাম এলাকায় অভিযান চালায়। ওই গ্রামের স্থানীয় হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩৬,০০০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের অবক্ষয় থেকে রক্ষা করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”