চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে বাড়ির পেছনের ডোবার পানিতে ডুবে শেখ আরাফাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালাশি ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত ওই গ্রামের বাসিন্দা শেখ রাসেলের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার দুই বোনের মধ্যে রাইছার বয়স পাঁচ বছর এবং রোজামনির বয়স তিন বছর।

নিহত শিশুর বাবা শেখ রাসেল জানান, বুধবার সকালে আরাফাত তার ছোট বোনের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের ডোবার পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন তারা। পরে দ্রুত তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।