শালিখা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার ৪ নম্বর শতখালী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক ছাত্রনেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল ইসলাম রেজা ঢালী। এ সময় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে প্রায় ১০০টি মোটরসাইকেলের বহরসহ তিনি শতখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১১টি পূজামণ্ডপে যান। পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়সহ আর্থিক সহায়তা ও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান তিনি।
পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে অনুদান দেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ইউনিয়নের শতখালী এলাকার একটি পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে রেজা ঢালী বলেন, ‘প্রতিটা মণ্ডপে সবার খোঁজখবর নিয়েছি এবং কুশল বিনিময় করেছি। আমাদের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, শতখালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাঁকে জানাতে পারেন। খবর পেলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।