ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ১৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে জরুরি সভা আহ্বান করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উদযাপন পরিষদের সব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠেয় পুনর্মিলনীর কর্মসূচি চূড়ান্তকরণ, সম্মানিত অতিথিদের আমন্ত্রণ ও সম্মাননা প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক সন্ধ্যা, অংশগ্রহণকারীদের জন্য উপহারসামগ্রী ও খাবারের ব্যবস্থা এবং কুপন ড্র আয়োজন নিয়ে আলোচনা করা হবে।
এ ছাড়া ১৭ ডিসেম্বর বর্ণাঢ্য র্যালি আয়োজন, প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন বৃদ্ধি, অনুদান সংগ্রহ জোরদার এবং বিভিন্ন কমিটির দায়িত্ব ও কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। এ সময় উদযাপন পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান (সাঈদ) ও সদস্যসচিব সৈয়দ আবদুল আউয়াল নান্না সহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা অনুষ্ঠানটি সফল করার জন্য মতামত প্রদান করেন। এ ছাড়া বিদ্যালয়ের ১৭৫ বছরের গৌরবময় ঐতিহ্য স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে দেশের বিখ্যাত ব্যান্ড দল মাইলস তাদের সংগীত অনুষ্ঠান পরিচালনা করবে বলে সভায় জানানো হয়। এ ছাড়া আগামী ৩০ অক্টোবরের মধ্যে সব শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।