ফরিদপুর জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম। এ সময় তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার ভূমিকার প্রশংসা করেন।
ফরিদপুর জেলা পুলিশ ও স্থানীয় পূজা উদযাপন কমিটির গৃহীত নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।
এ সময় ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেম উদ্দীন, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।