ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ অপচয় রোধে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযানে একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ ও আবাসিক সংযোগ থেকে বাণিজ্যিক কাজে ব্যবহৃত একটি পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া রাত ১০টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৬টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের মোট নয়টি দল বিভিন্ন এলাকায় এ নাইট অপারেশন পরিচালনা করে। অভিযানকালে আবাসিক মিটারে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, সড়কবাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার এবং বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটার পরীক্ষা করা হয়।
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা। এ সময় পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে বিদ্যুৎ সেবাসংক্রান্ত জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেওয়া হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ, বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।