ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত ‘১ম আন্তঃস্কুল সংসদীয় জাতীয় টেলিভিশন বাংলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর প্রথম পর্যায়ে বিজয় অর্জন করেছে ফরিদপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাব (এফজেডএসডিসি)।
শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে বিরোধী দল হিসেবে যুক্তিনির্ভর বিতর্কে অংশ নিয়ে জয়লাভ করে দলটি। এ জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে ফরিদপুর জিলা স্কুলের বিতার্কিকরা।
এ সাফল্যে ফরিদপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাবের সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তি, প্রজ্ঞা ও বাগ্মিতার সমন্বয়ে আগামী পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা রয়েছে তাদের।
ফরিদপুর জিলা স্কুলের কৃতী বিতার্কিকদের এ অর্জনে অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা নিজেদের মেধা ও দক্ষতার মাধ্যমে সাফল্য অর্জন করে বিদ্যালয় ও ফরিদপুরের সুনাম বৃদ্ধি করবে।