বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও গাছ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মাদকের অপব্যবহারের ভয়াবহতা, এর সামাজিক ও ব্যক্তিগত ক্ষতিকর প্রভাব এবং বাল্যবিবাহের নেতিবাচক পরিণতি নিয়ে আলোচনা করা হয়। এসব বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে ১০০ শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে স্কুলব্যাগ, টিফিন বাটি, জ্যামিতি বক্স, পানির পট ও একটি করে গাছ উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি গাছ প্রদান পরিবেশ সচেতনতা ও সবুজ সমাজ গঠনের বার্তাও তুলে ধরে।