আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিনচালিত যান) রাস্তার পাশের খাদে উল্টে পড়ে হেলাল (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে। সোমবার (১৯ অক্টোবর) ভোরে ফজরের আজানের ঠিক আগমুহূর্তে বিএডিসি গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে চুয়াডাঙ্গা শহর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল গরুবোঝাই লাটাহাম্বারটি। মুন্নার মোড় এলাকায় বিএডিসি গুদামের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে যানটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। ঘটনাস্থলেই হেলাল ও একটি গরুর মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। এ সময় লাটাহাম্বারে থাকা অন্য দুই যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।

দুর্ঘটনাস্থলে নিহত হেলালের পকেট ও সঙ্গে থাকা কাগজপত্র তল্লাশি করে নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, একটি মুঠোফোন এবং গরু পরিবহনের বৈধ চালান উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।