আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আশীষ কুমার রায়।

শনিবার ও রোববার রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় মণ্ডপগুলোর বিদ্যুৎ সংযোগ, আলোকসজ্জা ও বিদ্যুৎ-সংক্রান্ত নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে এজিএম আশীষ কুমার রায় বলেন, “শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। এ উৎসব নির্বিঘ্নে উদযাপনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। পূজামণ্ডপগুলোতে যাতে বিদ্যুৎ-সংক্রান্ত কোনো সমস্যার সৃষ্টি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।”

তিনি আরও বলেন, “পূজামণ্ডপের আলোকসজ্জা, বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোথাও বিদ্যুৎ-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের জন্য আমাদের কর্মকর্তা-কর্মচারী ও কারিগরি দল প্রস্তুত রয়েছে। পূজা চলাকালে জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমাদের কারিগরি দল ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে। আমরা চাই, সবাই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে শারদীয় দুর্গোৎসব উদযাপন করুক।”

তিনি পূজামণ্ডপ সংশ্লিষ্টদের বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকার এবং কোনো ত্রুটি বা সমস্যা দেখা দিলে দ্রুত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।

পরিদর্শনকালে পল্লী বিদ্যুতের আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারী, আনসার ও ভিডিপি সদস্য এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপগুলোতে বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।